এ যেন কেঁচো খুঁড়তে সাপ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৮:০৯
চট্টগ্রাম নগরের গণি বেকারী মোড় থেকে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবক একজন পেশাদার চোর। সেটা তখনও জানতো না পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিষয়টি জানার পর বেরিয়ে আসে আরো চমকপ্রদ তথ্য। পুলিশ এমন এক ব্যক্তির হদিস পায় যিনি চোরদের কাছ থেকে কিনে নেন স্বর্ণালঙ্কার। চোরদের কাছ থেকে কমদামে কিনে বেশি দামে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করেন তিনি। মঙ্গলবার ওই ব্যক্তির কোরবানিগঞ্জের বাসায় অভিযান চালিয়ে ১৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন- কোতোয়ালী থানার কোরবানিগঞ্জের দুলাল বনিক (৫৩) ও কুমিল্লার হোমনা থানার মিরশ্বকারী গ্রামের মো. আনোয়ার (২৮)।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায় সে একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
তিনি বলেন, এক পর্যায়ে তিনিসহ বিভিন্ন চোরের কাছ থেকে দুলাল বনিক নামে এক ব্যক্তি চোরাই স্বর্ণ কিনে নেন বলে তথ্য দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে দুলাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ১৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যেগুলো তিনি বিক্রির জন্য রেখেছেন বলে স্বীকার করেছেন। তবে স্বর্ণ ব্যবসা বা স্বর্ণ কেনার কোন কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
- বিষয় :
- চট্টগ্রাম