পানিতে তলিয়ে গেছে দৌলতদিয়া ফেরি ঘাটের সংযোগ সড়ক
ডুবে যাওয়া সড়কে উল্টে গেছে একটি ট্রাক -সমকাল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ১০:১৬
পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া দুইটি ফেরি ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে যানবাহন ওঠা-নামা করছে। এতে করে সংশ্লিষ্টদের ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
মঙ্গলবার দুপুরে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি থেকে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাট হয়ে বন্যার পানিতে তলিয়ে যাওয়া সংযোগ সড়ক দিয়ে নামতে গিয়ে পণ্যবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা গেছে, দৌলতদিয়া প্রান্তের ৬টি ফেরি ঘাটের দুইটি ঘাট গত বছরের বর্ষায় ভাঙনের কবলে পড়লে এক বছরেও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া বাকি ৪টি ঘাট সচল থাকলেও পদ্মার নদীর পানি বৃদ্ধিতে ৩ ও ৬ নম্বর ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে করে যানবাহন ও যাত্রী ওঠা নামায় দুর্ভোগের পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এদিকে ৩ ও ৬ নম্বর ঘাটের রাস্তার ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলার কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সোমবার বিকেলে পরিস্থিতি দেখতে ফেরি ঘাটগুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলামসহ অনেকে।
এছাড়া পদ্মার তীব্র স্রোতে এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ফলে প্রায় প্রতিদিনই দৌলতদিয়া প্রান্তে নদী পারে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। তবে কোরবানির ঈদ উপলক্ষে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীবাহি বাস ও অন্যান্য যানবাহনকে সিরিয়ালে পারাপার হতে হচ্ছে।
স্থানীয়রা জানায়, নদীর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া এলাকায় সব জায়গায় এখন পানি। ৩ নম্বর ফেরি ঘাটের রাস্তার ওপর হাঁটু পানি এবং সৃষ্টি হয়েছে গর্ত। পানির মধ্যে দিয়েই যানবাহন ও যাত্রীরা আসা যাওয়া করছে এবং ঘটছে দুর্ঘটনা। মঙ্গলবার সকালেও গর্তে পড়েছে একটি মোটরসাইকেল। ৬ নম্বর ঘাটেরও প্রায় একই অবস্থা।
তারা আরও জানান, প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী নদী পারাপার হয় এবং ঈদের আগে ও পরে এর চাপ বেড়ে যায় কয়েকগুন। করোনাভাইরাসের কারণে এবার চাপ কিছুটা কম। তবে থেমে নেই আসা যাওয়া। যাত্রীবাহি বাসসহ অন্যান্য যানবাহনের পাশাপাশি চাপ রয়েছে কোরবানির পশুবাহী ট্রাকের। একদিকে নদীর স্রোতে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। তার ওপর ঘাটে সমস্যা থাকায় ঈদে ঘরমুখো ও ঈদ পরবর্তী সময়ে দৌলতদিয়া প্রান্তের সকলকে চরম ভোগান্তি পোহাতে হবে।
বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, নদীর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া প্রান্তের দুটি ফেরি ঘাটের সড়কে পানি উঠেছে। দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিএ ওই রাস্তার পাশ দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন বলেন, পানিতে ডুবে যাওয়া রস্তা দ্রুত ঠিক না করতে পারলে চরম ভোগান্তিতে পড়বে যানবাহনের চালক ও যাত্রীরা।
- বিষয় :
- দৌলতদিয়া ফেরি ঘাট
- ঢাকা
- রাজবাড়ি