কয়েকটা সিটের জন্য কারো সঙ্গে ঐক্য করার নীতি এনসিপি বিশ্বাস করে না: সারজিস আলম
ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা এনসিপির সমন্বয় সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ২১:০৮
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কয়েকটা সিটের জন্য কারো সঙ্গে ঐক্য করার নীতি এনসিপি বিশ্বাস করে না। তবে এক বা একাধিক রাজনৈতিক দল যদি দেশের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রতিজ্ঞা সামনে রেখে কাজ করে তবেই ঐক্যের চিন্তা করা যেতে পারে।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘জোট গঠন হলেও নির্বাচনী প্রতীক নিয়ে আপস করা হবে না। এনসিপির সঙ্গে কোনো রাজনৈতিক দল ঐক্য করলেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে।’
এ বিষয়ে সারজিস আলম বলেন, ‘আইনগত বাধা যেহেতু নেই, তাই এনসিপিকে নির্বাচন কমিশনের শাপলা প্রতীক দিতেই হবে। নির্বাচন কমিশন ও সচিবের কথা শুনে মনে হয়েছে যে, শাপলা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকা না থাকা— সেগুলো তাদের কাছে কোনো বিষয় না, সেটা তাদের মন-মর্জির ওপর নির্ভর করে।’
তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থান বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের মন-মর্জিমতো চলা, স্বেচ্ছাচারিতা করার যে আচরণ, এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা মেনে নেব না।’
সারজিস আলম জানতে চান, ‘নির্বাচন কমিশন জনগণের মুখাপেক্ষী, নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে চাচ্ছে এমন দলের মুখাপেক্ষী? না কোনো অস্ত্রের ভয়ে প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী?’
এ সময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক আবুল বাশার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান, জিকে ওমর প্রমুখ।
- বিষয় :
- এনসিপি
- সারজিস আলম
- ময়মনসিংহ
- ইসি
- শাপলা
