রাতে দিক হারিয়ে মাঝ নদীতে ট্রলার, ৮০ শিক্ষার্থী উদ্ধার
৮ স্পিডবোট নিয়ে পুলিশের উদ্ধার অভিযান
পরীক্ষা দিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন এক দল শিক্ষার্থী। সোমবার গভীর রাতে শিক্ষার্থীদের বহনকারী ট্রলারটি দিক হারিয়ে মাঝ নদীতে একটি চরে আটকে যায়। ছবি: সংগৃহীত
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ০৫:৪৭
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডিগ্রি পরীক্ষা দিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন এক দল শিক্ষার্থী। সোমবার গভীর রাতে শিক্ষার্থীদের বহনকারী ট্রলারটি দিক হারিয়ে মাঝ নদীতে একটি চরে আটকে যায়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের বহনকারী বড় একটি ট্রলারে ছিলেন প্রায় ৮০ জন শিক্ষার্থী, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রী। তাদের সঙ্গে ছিল কয়েক শিশু। রাত গভীর হলে ট্রলারটি দিক হারিয়ে অষ্টগ্রাম ও কুলিয়ারচরের মাঝামাঝি একটি চরে আটকে পড়ে। আতঙ্কিত শিক্ষার্থীরা ৯৯৯ ও অষ্টগ্রাম থানা পুলিশের সহায়তা চাইলে দ্রুত অভিযান শুরু হয়।
অষ্টগ্রাম থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুবাজাইল নৌ পুলিশ টিম দীর্ঘ অনুসন্ধানের পর ট্রলারটি খুঁজে বের করে। পরে সবাইকে নিরাপদে তীরে আনা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা স্পিডবোটে বিশুদ্ধ পানি ও বিস্কুট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সহায়তা করেন।
ওসি রুহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৮টি স্পিডবোট নিয়ে অভিযান শুরু করি। প্রায় ২ ঘণ্টা অনুসন্ধানের পর ট্রলারটি খুঁজে পাওয়া যায়। ভাগ্য ভালো, কোনো দুর্ঘটনা ঘটেনি।’
রোটারি ডিগ্রি কলেজের ছাত্রী শারমিন আক্তার বলেন, ট্রলারে ছোট বাচ্চা ছিল; কিছুই দেখা যাচ্ছিল না। আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম। সময়মতো উদ্ধার না করলে বড় বিপদ হতে পারত।
রোকেয়া বেগম নামে এক অভিভাবক জানান, ট্রলারে তাঁর মেয়ের সঙ্গে পাঁচ মাস বয়সী নাতি ছিল। ভয়ে তারা সারারাত কেঁদেছেন। এই পথ এখন তাদের জন্য আতঙ্কের।
হাওরাঞ্চলের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ডিগ্রি পরীক্ষার কেন্দ্র স্থানীয়ভাবে অষ্টগ্রামে স্থায়ীভাবে নির্ধারণ করার দাবি জানান শিক্ষার্থীরা, যাতে ঝুঁকিপূর্ণ নদীপথে আর যাতায়াত করতে না হয়।
রাব্বি মিয়া নামে এক পরীক্ষার্থী জানান, প্রতিবারই হাওরে ঝুঁকির মধ্য দিয়ে তাদের পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। ডিগ্রি পরীক্ষাকেন্দ্র যদি অষ্টগ্রামে স্থায়ীভাবে নির্ধারণ করা না হয়, ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
- বিষয় :
- ট্রলার
- কিশোরগঞ্জ
- শিক্ষার্থী
- উদ্ধার
