গানে গানে শেষ হলো আখড়াবাড়ির সাধুর হাট
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস
কুষ্টিয়ার কুমারখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণ উৎসবের শেষ দিন আজ রোববার বাউল সংগীত পরিবেশন করেন শিল্পীরা। ছবি: সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ২২:১২
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে আয়োজিত তিন দিনের লালন স্মরণোৎসব শেষ হয়েছে। আজ রোববার রাতভর গানে গানে শেষ হয় লালন ভক্ত, সাধু গুরুদেরের মিলনমেলা। সাঁইজির প্রতি যথাযথ সম্মান ও ভাব আদান-প্রদান শেষে নিজেদের গন্তব্যে ফিরে যেতে শুরু করেছেন তারা।
আজ রাতে সেখানে গিয়ে দেখা যায়, আখড়াবাড়িতে যেন বাজছে বিষাদের সুর। তিন দিন বিপুল লোক সমাগমের পর কমতে শুরু করেছে ভক্তদের আনাগোনা। তারপরও চলছিল একের পর এক লালনের গান। বাউল সাধুরা দলে দলে বাদ্যযন্ত্রের তালে গান পরিবেশন করছেন। অনুষ্ঠানের মুক্তমঞ্চেও চলছে গান। মঞ্চের সামনেই বসেছে গ্রামীণ মেলা।
ফকির হৃদয় সাঁই বলেন, এখানে অষ্টপ্রহর ভক্তরা প্রেম, প্রীতি, ভালোবাসা ও ভাববিনিময় করে নিজ গন্তব্যে চলে যান। বিদায় খুব কঠিন ব্যাপার। বিদায়বেলা খুব কষ্টের।
কথা হয় মেহেরপুর থেকে আসা লালনভক্ত ইমতিয়াজ জোয়ার্দারের সঙ্গে। তিনি বলেন, কার্তিকের পহেলা দিন ভুলে থাকা যায় না। যেখানেই থাকি, মন ছুটে আসে। কোনো বাধা মানে না। সাঁইজির চরণে আশ্রয় নিতে আমাদের আসা।
ছেঁউড়িয়ায় প্রথমবার জাতীয়ভাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে। গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেকুজ্জামান।
১৮৯০ সালের ১ কার্তিক ফকির লালন সাঁই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে প্রয়াত হন। এরপর থেকে আখড়াবাড়ি চত্বরে তাঁর ভক্ত-অনুসারীরা সাঁইজিকে স্মরণ করে আসছেন। পরে লালন একাডেমি এ আয়োজনের দায়িত্ব নিলেও এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে অনুষ্ঠিত হয় দিবসটি।
- বিষয় :
- লালন সাঁই
- লালন সঙ্গীত
- লালন উৎসব
