ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

লোহাগড়ায় নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি ৫ দিনেও

লোহাগড়ায় নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি ৫ দিনেও
×
×

নিটু জমাদ্দার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৯:০৮

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন অটোভ্যানচালক নিটু জমাদ্দার। তাঁর ভ্যানটিও গায়েব। এ ঘটনায় লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর স্ত্রী শরিফা বেগম। নিটু জমাদ্দার (৪৫) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মাছেম জমাদ্দারের ছেলে। 

পুলিশ ও নিটুর স্বজনদের সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিটু জমাদ্দার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড এলাকায় অন্য ভ্যানচালকদের সঙ্গে তাঁর দেখা হয়। তাদের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই রাত সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকা থেকে এক যাত্রী নিয়ে নড়াইলের দিকে রওনা হয়েছিলেন নিটু। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আত্মীয়স্বজন, স্থানীয় বাজার ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন ২৮ অক্টোবর লোহাগড়া থানায় জিডি করেন শরিফা বেগম।

নিটুর ছেলে কলেজছাত্র মোস্তাইন জমাদ্দার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর বাবা দিনের বেলায় গরু পালন ও কৃষিকাজ করতেন। রাতে অটোভ্যান চালাতেন। এভাবে পরিবারের খরচ ও তাদের দুই ভাইবোনের লেখাপড়ার ব্যয় চালাতেন। তিনি জানান, প্রায় এক মাস আগে লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালাতে গিয়ে গোবিন্দপুর গ্রামের এক ভ্যানচালকের হাতে তাঁর বাবা মারধরের শিকার হন। এরপর ভয়ে ওই এলাকায় ভ্যান চালাতে যেতেন না। দুই পক্ষের লোকজনের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হলে আবার লক্ষ্মীপাশা এলাকায় ভ্যান চালানো শুরু করেন। 

প্রতিবেশী সুইটি খানম, হাসিনা বেগম, রাসেল শিকদার ও আফজাল শিকদার বলেন, নিটু সহজসরল মানুষ। এলাকার কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে তারা জানেন না। 

নিখোঁজ নিটুর সন্ধান চেয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তাদের বড় মেয়ে মীম খানম। 

নিটুর পরিবারের খোঁজ নিতে গত শনিবার রাতে চাচই গ্রামের বাড়িতে যান নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি নিটুর স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে কথা বলেন। তাদের সান্ত্বনা দেন এবং নিটুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেন।

মোস্তাফিজুর রহমান বলেন, নিটু জমাদ্দারকে উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। শুধু লোহাগড়া নয়, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তাঁর সন্ধানে খোঁজখবর নেওয়া হচ্ছে।
জিডির সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, নিটুর সন্ধানে পুলিশের একটি বিশেষ তদন্ত দল কাজ করছে। 

আরও পড়ুন

×