‘দেশের জন্য যুদ্ধ করেছি বসতভিটায় নিরাপদ নই’
পটুয়াখালীতে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছেন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে। ছবি: সমকাল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৯:০৩
‘আমি একাত্তরের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। আমি দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। অথচ আজ সেই স্বাধীন দেশে নিজের বসতভিটায় নিরাপদে বসবাস করতে পারছি না। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে হুমকি-ধমকি।’ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার (৭৬)।
সন্ত্রাসীদের হুমকির প্রতিবাদে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে আমরণ অনশনে বসেছেন তিনি। এদিন সন্ধ্যা পর্যন্ত একই অবস্থানে ছিলেন।
পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকার বাসিন্দা আজাহার আলী হাওলাদারের মুক্তিযোদ্ধা আইডি নম্বর-৬০৩০১০১৫৬। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি বসতভিটা থেকে তাঁকে উচ্ছেদের চেষ্টা করছেন। এ ছাড়া একাধিকবার হামলা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। এমনকি সরকারি ঘর বরাদ্দ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে ঘরের কাজ সম্পন্ন হচ্ছে না। নিজের বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এই বীর মুক্তিযোদ্ধা।
আজাহার হাওলাদারের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পুরাতন ফেরিঘাট এলাকায় তাঁর বসতঘরে হামলা হয়েছে। এ বিষয়ে ২০-২৫ জনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। এর পরও থামেনি হুমকি-ধমকি।
তিনি বলেন, ‘সরকারি ঘর বরাদ্দ পেলেও সন্ত্রাসীদের বাধায় ঘরের কাজ সম্পন্ন হচ্ছে না। আমি আমার বসতভিটায় নিরাপদে থাকার নিশ্চয়তা চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদারের অভিযোগের ভিত্তিতে দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য বিবাদীতে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
- বিষয় :
- পটুয়াখালী