ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যাত্রা থামাতে চান না মাহি

যাত্রা থামাতে চান না মাহি
×

শাহরিয়ার হক মাহি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ০৭:৪০

| প্রিন্ট সংস্করণ

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন জয়পুরহাটের আরিফ শাহরিয়ার হক মাহি। চলতি বছর জয়পুরহাট সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে কৃতিত্বপূর্ণ এই ফল অর্জন করেছেন তিনি। তবে উচ্চশিক্ষা নিয়ে তাঁর মনে দুশ্চিন্তা ভর করেছে। 

জেলার আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আজিজুল হকের চার ছেলেমেয়ের মধ্যে সবার ছোট মাহি। তাঁর মা রেবেকা সুলতানা ২০২১ সালে মারা গেছেন একরকম চিকিৎসার অভাবে। পরিবারটির গ্রামের বাড়িতেও মাথা গোঁজার জায়গা নেই। মাহির বড় ভাই রিয়ানুল হক একটি ওষুধ কোম্পানিতে স্বল্প বেতনে কর্মরত। জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার ভাড়া বাসায় থাকেন পরিবার নিয়ে। সেখানেই থাকেন আজিজুল হক ও মাহি।

বাসার সব কাজ সামলে জয়পুরহাট সরকারি কলেজে বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন মাহি। ২০১৭ সালে দিনাজপুরের বিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পান। ২০২৩ সালে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিলেন মেধাবী এই তরুণ। 
টাকার অভাবে এইচএসসি পরীক্ষার জন্য কোনো শিক্ষকের কাছে আলাদা পড়তে পারেননি। কোচিংও করা হয়নি। তবু ভালো ফল অর্জন করেছেন। তবে অর্থাভাবে মাহি কতদূর যেতে পারবেন, এ নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবার। বড় ভাই রিয়ানুল হককে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তিনি বলেন, ‘যে বেতন পাই, তা দিয়ে আমার সংসারই চলে না। তবুও ছোট ভাইকে যতটুকু সম্ভব সহায়তা করেছি। এখনও করছি, তবে অন্য কেউ পাশে দাঁড়ালে ছোট ভাইয়ের লেখাপড়া করা সহজ হবে।’

আজিজুল হক বলেন, ‘মাহি ছোটবেলা থেকে পড়ালেখায় কৃতিত্বপূর্ণ ফলাফল করছে। এইচএসসিতেও ভালো ফল করেছে। আমি এ জন্য খুশি। ওর মা বেঁচে থাকলে আরও খুশি হতো। এখন আমি নিঃস্ব। উচ্চশিক্ষার খরচ বহনের সামর্থ্য আমার নেই। ওর বড় ভাই এত দিন খরচ দিয়েছে। জানি না, অর্থাভাবে ছেলেটার পড়ালেখা বন্ধ হয় কিনা। সেই দুশ্চিন্তায় ছেলেটা ভেঙে পড়েছে।’
এত কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন ছাড়তে চান না মাহি। তিনি বলেন, ‘বড় ভাইয়ের বাসায় থেকে কষ্ট করে উচ্চ মাধ্যমিকের পড়ালেখা শেষ করেছি। প্রাইভেট পড়া হয়নি। অনেক সময় না খেয়েও কলেজ করেছি। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অনেক খরচ, যা বহন করার মতো আমার কেউ নেই। আমার স্বপ্ন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার। পড়তে চাই আমি। সহায়তা না পেলে হয়তো সেই স্বপ্ন অধরাই থেকে যাবে।’
জয়পুরহাট সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহন কুমার দাস বলেন, ‘আরিফ শাহরিয়ার হক মাহি নিঃসন্দেহে একজন মেধাবী শিক্ষার্থী। সে প্রাইভেটও পড়েনি। কলেজে টেস্ট পরীক্ষায় যখন ভালো ফল করেছে, তখনই বোঝা গেছে। আগামীতেও মাহি ভালো কিছু করবে। আমরা ওর জন্য প্রার্থনা করি।’
 

আরও পড়ুন

×