টঙ্গী থেকে নিখোঁজ ইমাম পঞ্চগড়ে শিকলবাঁধা অবস্থায় উদ্ধার
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মুফতি মহিবুল্লাহ মিয়াজী ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১৯:৩৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ২১:১১
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের এক দিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় সড়কের পাশে একটি গাছে শিকল দিয়ে পা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মুফতি মহিবুল্লাহকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্বলতার কারণে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না।
হাসপাতালে মুফতি মহিবুল্লাহ বলেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে পাঁচজন এসে মুখে কাপড় চেপে তাকে তুলে নিয়ে যায়। তারা গাড়ির মধ্যে তাকে মারধর ও নির্যাতন করে। কীভাবে ঢাকা থেকে পঞ্চগড় গেলেন এবং কারা শিকল দিয়ে বেঁধে রাখে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
মুহিবুল্লাহ মিয়াজী দাবি করেন, ১১ মাস ধরে তাকে বেনামি চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এসব চিঠিতে অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে কথা বলতে বলা হয়। বাংলাদেশের ধর্মভিত্তিক দল ও বিএনপি-এনসিপির বিরুদ্ধেও কথা বলতে বলা হয়।
এদিকে মহিবুল্লাহকে উদ্ধারের খবর পেয়ে পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকার আলেম-ওলামারা হাসপাতালে ভিড় করেন। এই ঘটনার প্রতিবাদে দুপুরে পঞ্চগড় শহরে বিক্ষোভ কর্মসূচিও পালন করে পঞ্চগড় ঈমান আকিদা রক্ষা কমিটি।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, 'মুফতি মহিবুল্লাহর অবস্থার উন্নতি হয়েছে। আগেই তার শরীরে জটিল অস্ত্রোপচার হয়েছিল। এ ছাড়া তিনি ডায়াবেটিসের রোগী। তাকে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।'
পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, 'মুফতি মহিবুল্লাহকে উদ্ধারের পর টঙ্গী থানা এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। কে বা কারা তাকে অপহরণ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।'
