ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্রমিক নিহতের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শ্রমিক নিহতের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
×

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে থেকে দড়িকান্দি ও সিলেট মহাসড়কের বিশ্বরোড পর্যন্ত কয়েক কিলোমিটারব্যাপী যানজট ছড়িয়ে পড়ে৷ ছবি: সমকাল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১৫:১৪ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ১৫:২১

গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।  ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার বন্দর উপজেলার মদনপুরের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে।

শ্রমিকরা জানান, গতকাল রাতে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এসময় ছুটি চাইলে তাকে ছুটি দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পরে গার্মেন্টে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ওই শ্রমিক মৃত্যুবরণ করেন৷

এদিকে আজ সোমবার শ্রমিকদের মধ্য রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, গতকাল রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লারিজ ফ্যাশনস নামের গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মহাসড়ক  অবরেধের কারণে চট্রগ্রামমুখী লেনে যানজট ভয়াবহ আকার ধারণ করে৷ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে থেকে দড়িকান্দি ও সিলেট মহাসড়কের বিশ্বরোড পর্যন্ত কয়েক কিলোমিটারব্যাপী যানজট ছড়িয়ে পড়ে। সকাল ১১টা থেকে মহাসড়কে অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, মদনপুরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখার কারণে যানজট দেখা দিয়েছে। তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের কাচপুর থানার ওসিসহ আমরা শ্রমিকদের বুঝিয়ে অবরোধ সরানোর কাজ করছি।

আরও পড়ুন

×