ফরিদপুর-৩ আসনে এ. কে. আজাদের পক্ষে গণসংযোগ ও অনুদান প্রদান
এ. কে. আজাদের পক্ষে আঁখ সেন্টার জামে মসজিদে অনুদান প্রদান করা হয়। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ২১:০০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ | ১৪:৫৫
ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদের পক্ষে গণসংযোগ ও অনুদান প্রদান করেছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন ও পরিচালক মো. বেলাল হোসেন। বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে এ. কে. আজাদের পক্ষে স্থানীয় জনগণের সঙ্গে তাঁরা কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।
পরে পরমানন্দপুর লক্ষীকোল মসজিদে এ. কে. আজাদের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়। এ সময় আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে আন্তরিক প্রতিশ্রুতির কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ. কে. আজাদের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানানোর প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় জনসাধারণ।
এরপর কানাইপুর আঁখ সেন্টার জামে মসজিদে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। সেখান থেকে কানাইপুর শ্মশানঘাট আদিবাসী পল্লীতে ২০০ পরিবারের নারী সদস্যের মাঝে শাড়ি বিতরণ করেন হা-মীম গ্রুপ চেয়ারম্যান ও পরিচালক।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন ফরিদপুর-৩ আসনের জনসাধারণের উদ্দেশে বলেন, ‘আমার ছোট ভাই এ. কে. আজাদ এ জনপদকে একটি সুখী সমৃদ্ধ ও স্বাবলম্বী শহরে রূপান্তর করতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানগুলোতে ফরিদপুর সদর আসনের জনগণ চাকরি করছেন। এ শহরের একটি মানুষও যেন কর্মহীন না থাকে এজন্য আপনারা আমার ভাই এ. কে. আজাদকে আগামীতে নির্বাচিত করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন এ বি এম আলাউদ্দিন, শাহ মো. আক্কাস প্রামাণিক, রাফিজুল খান, রুহুল আমিন, আনন্দ সাহা, মো. রুবেল, মিতুল শেখ প্রমুখ।
- বিষয় :
- ফরিদপুর-৩
- এ. কে. আজাদ
- গণসংযোগ
- অনুদান
- হা-মীম গ্রুপ
