ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা
×

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১২:২১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১২:২৩

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। রোববার রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংক শাখার পরিত্যক্ত গেটে আগুন ধরিয়ে দেয় তারা। শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দ্রুত গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয়রা জানায়, রাতে অপরিচিত কয়েকজন ব্যক্তিকে শাখার সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ব্যাংকের গেটে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় মো. ফারুক হোসেন বলেন, ‘সকালে এসে শুনি ব্যাংকে আগুন দেওয়া হয়েছিল। এরপর খবর পেয়ে পুলিশ আসে এখানে এবং তারা খোঁজ-খবর নিচ্ছেন।’

ব্যাংকের অফিস সহকারী শেখ বাহাউদ্দিন বলেন, ‘আমি রাত সাড়ে ৮টায় ব্যাংক ত্যাগ করি। রাত ১২টার পর ম্যানেজার স্যার ফোন দিয়ে জানায় ব্যাংকে কে বা কারা আগুন দিয়েছে। ভেতরে স্টাফ থাকায় তারা তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।’

গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ‘রাতে ব্যাংকের ভেতরে ছিলাম আমরা। হঠাৎ সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলি এবং পুলিশকে খবর দেই। এতে কোনো ক্ষতি হয়নি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, ‘রাতে ২/১ জন দুর্বৃত্ত কেরসিন ঢেলে ব্যাংকের পরিত্যক্ত গেটে মশার স্প্রে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশের টহল টিম ও ব্যাংক স্টাফরা টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। দুর্বৃত্তরা সুযোগ পেলে হয়তো আরও ক্ষতি করার চেষ্টা করতো। ঘটনার পর পুলিশ সারা রাত সেখানে পাহারায় ছিল।’

আরও পড়ুন

×