খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের সভা
ন্যায়পাল নিয়োগের দাবি দেবপ্রিয় ভট্টাচার্যের
নাগরিকরা চান সৎ ও যোগ্য নেতৃত্ব, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক, খুলনা থেকে
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ২৩:৫৭
দেশের নাগরিকরা চান নিরাপত্তা, সুশাসন, সৎ ও যোগ্য নেতৃত্ব। তারা মনে করেন, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরকারকে জনগণের কথা শুনতে হবে। দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার খুলনা মহানগরের শিববাড়ি মোড়ে একটি হোটেলের মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আঞ্চলিক পরামর্শ সভায় এমন মত দেন অংশগ্রহণকারীরা।
এতে অংশ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় ‘নির্বাচন-পরবর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কী’– এ প্রশ্নে নাগরিকরা ভোট দিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে। তারা সরকারের জবাবদিহি, জনবান্ধব, দুর্নীতিমুক্ত পরিবেশ, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, জনবান্ধব কর্মকাণ্ড, সৎ ও যোগ্য নেতৃত্ব, নাগরিক অধিকার বাস্তবায়ন, উপকূলীয়দের জন্য আয়ের উৎস, মানবাধিকার ও বাকস্বাধীনতার কথা বলেছেন।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রায় সাড়ে তিন ঘণ্টার এই পরামর্শ সভা সঞ্চালনা করেন। সভায় স্থানীয় নাগরিকরা খুলনায় চিংড়ি চাষ নিয়ে সৃষ্ট সংকট, ন্যায্য মূল্যে কৃষিপণ্য সরবরাহ, উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, কাঁকড়া চাষ বৃদ্ধি, নিরাপদ পানি সরবরাহ, নদী-খাল খনন এবং মোংলা বন্দরকে রক্ষার দাবি জানান।
সভার সূচনা বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ন্যায়পাল নিয়োগের দাবি জানিয়েছেন। তিনি অবশ্য সব দল একমত হবে– এমন ন্যায়পাল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন। তিনি ‘দলীয় প্রভাবমুক্ত প্রশাসন করা সম্ভব কিনা’– জানতে চাইলে সমবেত নাগরিকরা না সূচক অভিমত দেন। তিনি বলেছেন, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়তে হবে। এ সময় নাগরিকরা ‘এখনও কোনো কোনো রাজনৈতিক দল ও গোষ্ঠী’ মাদককে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি রাজনৈতিক দলের ইশতেহারে যুক্ত করার পরামর্শ দেন। তিনি জানতে চান, পরিবর্তন সম্ভব কিনা? নাগরিকরা বলেন, সম্ভব। তিনি জানতে চান, খুলনা আতঙ্কের নগরী কিনা? নাগরিকরা সমস্বরে জানান, অবশ্যই। আতঙ্কের নগরী হিসেবে সারাদেশের মধ্যে খুলনাই শীর্ষে।
নির্বাচন কমিশনের ওপর আস্থা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নাগরিকরা। পুলিশের নতুন পোশাক নিয়েও মিশ্র প্রতিক্রিয়া ছিল। নাগরিকরা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ ও সাহসী নির্বাচন কমিশন প্রত্যাশা করেন।
নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য ও সিপিডির আরেক সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অন্তর্ভুক্তিমূলক কল্যাণমুখী বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি দেখতে চাই না। জনগণ আর অপশাসন চায় না। নিশ্চয়ই রাজনীতিকরা আগামী দিনে জনগণের এসব প্রত্যাশা পূরণ করবেন।
পাশাপাশি বসলেন দুই প্রার্থী
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। এই দুই প্রার্থী নাগরিক প্ল্যাটফর্মের বৃহস্পতিবারের পরামর্শ সভায় পাশাপাশি চেয়ারে বসে নাগরিকদের নানা অভিযোগ ও ইশতেহারে সংযোজনের তাদের পরামর্শ শুনেছেন। পরে নিজেদের মতামত জানিয়েছেন।
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রশাসনকে আইন মেনে চলতে হবে। প্রশাসনকে কেন্দ্র করে কোনো দুর্নীতি চলবে না। খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল বলেছেন, সিন্ডিকেটমুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে পারলে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করা সম্ভব। মহানগর জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান বলেছেন, সমাজ থেকে দুর্নীতি তাড়াতে হবে। মহানগর ইসলামী আন্দোলনের সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বৈষম্যহীনভাবে সবার অধিকার বাস্তবায়নের অঙ্গীকার করেন।
নাগরিকদের নানা অভিযোগ ও প্রত্যাশা
প্রায় অর্ধশত নাগরিকের অংশগ্রহণে আলোচনায় নির্বাচন ও নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়েছে। তারা স্থানীয় বিভিন্ন ধরনের সমস্যা উপস্থাপন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশের ওপর গুরুত্ব আরোপ করেছেন। সেই সঙ্গে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্য নির্বাচন করার ক্ষেত্রে নাগরিকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
নাগরিকদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সামগ্রিকভাবে সবাই এই ক্রান্তিকালে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং ন্যায্যতার ভিত্তিতে একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কিন্তু তাদের শঙ্কা এখনও রয়েছে। সেগুলো দূর করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের।
- বিষয় :
- খুলনা
- দেবপ্রিয় ভট্টাচার্য
