ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়

দুই শিক্ষার্থীর ওপর হামলা, তিন দাবিতে মহাসড়ক অবরোধ

দুই শিক্ষার্থীর ওপর হামলা, তিন দাবিতে মহাসড়ক অবরোধ
×

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ০৪:৫৪

দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এ সময় তিন দাবি মেনে নেওয়ার জন্য তারা ৯ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

তাদের দাবিগুলো হলো– হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহির আওতায় আনা এবং হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ মুছে ফেলায় কাজলা ক্যান্টিন নামের হোটেলটি বন্ধ করে দেওয়া।

এর আগে গত বুধবার রাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তিসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে রাত সাড়ে ১২টার দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা।

গত বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ‘কাজলা ক্যান্টিনে’ রাতের খাওয়া-দাওয়া করছিলেন রাবি শিক্ষার্থী আল ফারাবি ও তামজিদ হাসান বখশী। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে এসে একদল যুবক শিক্ষার্থীদের মাঝে ছবি দেখিয়ে একজনের খোঁজ করেন। তাদের হাতে হাতুড়ি, রড, রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। সেখান থেকে তারা মারধর করে ফারাবি ও বখশীকে তুলে নিয়ে যায়।

পরে রাত পৌনে ১২টার দিকে আহত অবস্থায় ফারাবিকে বিনোদপুর এলাকায় বেতার মাঠের পাশে এবং বখশীকে হবিবুর রহমান হলের সামনে থেকে উদ্ধার করা হয়। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করছে। এ ছাড়া শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কাজলা ক্যান্টিন বন্ধ রয়েছে। 

আরও পড়ুন

×