ভূমিকম্পে নারায়ণগঞ্জে একাধিক ভবনে ফাটল
.
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ০৩:১১
ভূমিকম্পে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ার সিগনেচার এস আহমেদ প্যালেস নামের একটি ৯ তলা ভবনে ফাটল দেখা গেছে। ভবন মালিক শফিকুল ইসলাম কাজল জানান, শুক্রবার সকালে ভূমিকম্পের পরে ভবনের একতলায় ফাটল দেখা যাচ্ছে।
পাশের দোকানদার নির্মল দাস জানান, ভূমিকম্পে আমরা আতঙ্কিত হয়ে পড়ি পাশের ভবন যেভাবে কাঁপছিল, আমাদের ওপর পড়ে যায় কিনা। পরে ভূমিকম্প শেষ হলে ওই ভবনে ফাটল দেখা যায়।
সদর উপজেলার ভূঁইগড়ের বাসিন্দা হুমায়রা ইমন জানান, তাদের ৯ তলা ভবনের এক তলায়ও ফাটল দেখা দিয়েছে।
এদিকে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় ভূমিকম্পে বৈদ্যুতিক ট্রান্সফরমার পাশের একটি তুলার কারখানার দেওয়ালে গিয়ে পড়লে সেখানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ সহকারী পরিচালক ওসমান গণী বলেন, কারখানায় ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
অপরদিকে সিদ্ধিরগঞ্জ, ভূইগড়, ফতুল্লার বিভিন্ন স্থানে ভবনে ফাটলের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কারণে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার জসিম নামের এক ব্যাক্তির ঝুটের গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের এই কম্পনে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ঢাকায় তিনজন, নারায়ণগঞ্জে একজন, গাজীপুরে একজন এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় শতাধিক মানুষ।
