সড়কের কাজে ফেটেছে তিতাসের পাইপলাইন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:৫০
নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে গেছে। গত শনিবার বিকেলে উড়াল সড়কের জন্য গাঁথুনি দিতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায়। এ কারণে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ হয় বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার গ্রাহকরা।
জানা গেছে, শনিবার বিকেল থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে আবাসিক লাইনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন জেলা শহরের মানিকপুর, বাগমামুদালীপাড়া, খালইষ্ট, মালপাড়া, জমিদারপাড়া, মধ্য কোটগাঁও, গণকপাড়া ও শহরতলির একাধিক গ্রামের গৃহিণীরা।
শহরের মধ্য কোটগাঁও এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস শাম্মী জানান, শনিবার বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্না করতে পারেননি তারা। বিকল্প হিসেবে এক হাজার ৫০০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনে রান্নার কাজ সারতে হচ্ছে। গ্যাস সিলিন্ডার কিনতে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় সংসারের মাসিক খরচে চাপ পড়ছে। মালপাড়ার গৃহিণী শাহনাজ বেগম জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সবাই।
জানতে চাইলে মুন্সীগঞ্জের তিতাস গ্যাসের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম বলেন, শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় গ্যাসলাইনে একটি ছিদ্র হয়। যেহেতু এটি দুর্ঘটনা, তাই আগে কোনো নোটিশ দেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিতাসের লোকজন পাইপ মেরামতের কাজ করছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ জানান, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে। তিনি বলেন, ‘শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। রোববার সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি।’ গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। মেরামত কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা। এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- পাইপলাইন
