কালিয়ায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলি, যুবক নিহত
নিহত মাসুদ রানা
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৪:৫৯
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় মাসুদ রানা (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় ৯ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
হামলাকালে সন্ত্রাসীরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িসহ তিনটি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বুধবার সকালে উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত মাসুদ দেওয়াডাঙ্গা গ্রামের আলী আকবর শেখের ছেলে। তিনি ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার নিরাপত্তা কর্মী ছিলেন।
এ ঘটনায় সন্ত্রাসী কাজল মোল্যাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও আহতরা জানান, দেওয়াডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে মকবুল মোল্যার ছেলে কাজল মোল্যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন। এ কারণে নদী ভাঙনে গ্রামের অনেকেরই জমি বিলীন হয়ে যাচ্ছিল। এতে ক্ষতিগ্রস্থ আমিনুর শেখের নেতৃত্বে গ্রামের বাসিন্দারা কাজল মোল্যার বালু উত্তোলনে বাঁধা দিলে দু'পক্ষের বিরোধ দেখা দেয়। এর জের ধরে বুধবার সকালে কাজল মোল্যার নেতৃত্বে ৫০/৬০ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে আমিনুর শেখের বাড়িতে হামলা চালায়। তারা আমিনুর শেখ, শিমুল মোল্যা ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার তবিবর রহমানের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা শর্টগান থেকে গুলি ছোড়ে।
এতে ৪ বছরের শিশু ইভা ও তার মা সাথী বেগমসহ (২২) ওই গ্রামের মাসুদ রানা, আ. রহমান শেখ, অনিক শেখ, আমিনুর সরদার, ইমরান সরদার, রাজীব শেখ ও হেকমত শেখ গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের মারধরে আরও আহত হন মুকুল শেখ, মনোয়ারা বেগম, তিশা খানম ও শফি সরদারসহ অন্তত ১৫ জন।
এদিকে গুলিবিদ্ধ মাসুদ রানাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কালিয়া, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, হামলার খবর পেয়ে কালিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীদের ঠেকাতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ হামলাকারীদের নেতা কাজল মোল্যা, তার ভাই টনি মোল্যা ও একই গ্রামের ফেরদৌস মোল্যার ছেলে সোহান মোল্যাসহ ৬ জনকে আটক করে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার শেখ ইমরান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।