ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইনজীবী আলিফ হত্যার এক বছর

‘মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই ’

হত্যাকারীদের শাস্তি চেয়ে মানববন্ধন আইনজীবীদের

‘মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই ’
×

সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ০৭:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ০৯:৩৭

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার এক বছর পার হয়েছে। এখনও ১৮ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে থমকে আছে বিচার প্রক্রিয়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাইফুলের পরিবার ও আইনজীবীরা। তারা আসামিদের গ্রেপ্তার ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানিয়েছেন। হত্যার এক বছর উপলক্ষে বুধবার বিচার দাবিতে মানববন্ধন ও স্মরণসভা করে চট্টগ্রাম আইনজীবী সমিতি। 

২০২৪ সালের ২৫ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন থেকে বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চিন্ময়কে কারাগারে নিতে চাইলে বাধা দেন তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ১ জুলাই ৩৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ৩৯ আসামির মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক বছর পার হলেও বিচারকাজ শুরু হয়নি। এতে হতাশা প্রকাশ করেন আলিফের বাবা জামাল উদ্দিন। তিনি বলেন, ‘মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই। তাই মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে বিচার শেষ করা হয়।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, অধিকাংশ আসামি গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘পলাতকদের বিরুদ্ধে আদালত পরোয়ানা ও মালপত্র ক্রোকের আদেশ দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপর মামলাটি দায়রা জজ আদালতে যাবে। সেখানে  অভিযোগ গঠনের মাধ্যমে বিচা শুরু হবে।’

বিচার দাবিতে মানববন্ধন
গতকাল নগরের আদালত ভবন এলাকায় মানববন্ধন করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এতে  আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান তারা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, ‘আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও ন্যায়বিচারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আমরা চাই প্রত্যেক আসামি দ্রুত আইনের আওতায় আসুক।’ 

আরও পড়ুন

×