টেকনাফের ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রীর সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৮:৫২
সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি কমিশনের চট্টগ্রাম অফিস থেকে অনুসন্ধান করা হচ্ছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে এই অভিযোগটির অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানের এক পর্যায়ে তাদের কাছে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়। তার পরিপ্রেক্ষিতে এই দম্পতি আলাদাভাবে তাদের সম্পদের হিসাব কমিশনে জমা দিয়েছে।
জানা গেছে, দুদকের অনুসন্ধানে ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রীর নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের প্রমাণ মিলেছে। এর মধ্যে স্ত্রীর নামে চট্টগ্রাম মহানগরে ছয় তলা বাড়ি, প্লট, ফ্ল্যাট, একাধিক গাড়ি ও অন্যান্য সম্পদের প্রমাণ পাওয়া যায়।
জানা গেছে, বুধবার নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মামলায় প্রধান আসামি করা হয়। দ্বিতীয় আসামি করা হয় ওসি প্রদীপ কুমার দাশকে।
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাসি চৌকিতে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক ওই মেজর।
- বিষয় :
- টেকনাফ থানার ওসি
- প্রদীপ কুমার দাশ
- দুদক