মান্দায় নৌকা ডুবে ২ সহোদরের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৯:৪৭ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ০৯:৫৪
নওগাঁর মান্দায় নৌকা ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চককসবা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নুরুল্লাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের আব্দুল মজিদ (৬৫) ও রইছ উদ্দিন (৫৫)।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য একটি ডিঙি নৌকায় চকদেবীরাম গ্রামের আব্দুল মজিদ, আব্দুর রশিদ, রইছ উদ্দিন, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তর রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর যাচ্ছিলেন। তারা চককসবা বিলে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়।
এ সময় স্থানীয় লোকজন আব্দুর রশিদ, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তরকে উদ্ধার করলেও আব্দুল মজিদ ও রইছ উদ্দিন পানিতে ডুবে যান।
পরে খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা মজিদের মরদেহ উদ্ধার করে। বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের লোকজন রইছ উদ্দীনের মরদেহ উদ্ধার করা হয।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুর রহমান সরকার।