মনপুরায় ভিজিডির চাল বিক্রির অভিযোগে ইউপি সচিব গ্রেপ্তার
গ্রেপ্তার ইউপি সচিব অহিদুর রহমান
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ২২:০৪ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ২২:৩৬
ভোলার মনপুরায় ভিজিডির চাল বিক্রির অভিযোগে ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পাচারের ১৩ বস্তা চালসহ হেলাল নামের এক রিকশাচালককে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইউপি সচিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ভিজিডির ৩০ কেজি ওজনের ১৩ বস্তা চাল একটি ভাড়া রিকশায় করে ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদ থেকে পাশের হাজিরহাট ইউনিয়নের জনৈক আনসারের বাড়িতে পাঠান ইউপি সচিব অহিদুর। রিকশাচালক হেলাল ও সচিবের সহযোগী মুছা রিকশা থেকে চালগুলো নামানোর সময় স্থানীয়রা তা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ চালবোঝাই রিকশা জব্দ ও রিকশাচালক হেলালকে আটক করে। তবে পুলিশ আসার আগেই ছিটকে পড়েন মুছা।
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত ইউপি সচিব অহিদুরকে সন্ধ্যার পর হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাবিবুল্লাহ মাওলানা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছে।
তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।