গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পানি বিপদসীমায়
নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে - সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ২৩:৪৬ | আপডেট: ০৫ আগস্ট ২০২০ | ২৩:৫২
গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পানি বিপদসীমা স্পর্শ করেছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া সদর উপজেলার মানিকদাহ ও জালালাবাদে মধুমতি নদীতে ভাঙন শুরু হয়েছে।
নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার অন্তত ৩০টি গ্রামের ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উচু সড়কে আশ্রয় নিয়েছে প্রায় ৫শ’ পরিবার। এসব এলাকার ছোট-বড় ১ হাজার পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে শাক-সবজির।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানান, স্থানীয় চ্যানেলে পানি বিপদসীমা ছুঁয়েছে। তবে মধুমতি নদীর পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মধুমতি নদীতে ভাঙন শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, দুর্গতদের সাহায্যের জন্য ৩শ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশু, গো-খাদ্য ও শুকনো খাবারের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব সাহায্য দুর্গত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
- বিষয় :
- বিলরুট চ্যানেল
- মধুমতি নদী