কুকুরছানা হত্যা মামলার আসামি গৃহবধূর জামিন
নিশি রহমান। ছবি: সমকাল
পাবনা অফিস ও ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৭
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সরকারি কর্মকর্তার স্ত্রী গৃহবধূ নিশি রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে পাবনার আমলি আদালত-২-এর বিচারক তরিকুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।
নিশি ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।
রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী অ্যাড. মোশফেকা জাহান কনিকা জানান, রোববার আসামির জামিন শুনানির দিন ধার্য ছিল। বিচারক শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য অ্যাডভোকেট মোশফেকা জাহান কনিকাকে নিয়োগ করা হয়।
নিশির স্বামী হাসানুর রহমান বলেন, ‘আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে তাকেও গত চারদিন কারাগারে থাকতে হয়েছে। তারপরও জামিন পেয়ে আমরা খুশি।’
দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় ‘টম’ নামে একটি স্ত্রী কুকুর অবস্থান করছিল। কয়েক দিন আগে কুকুরটি ৮টি বাচ্চা প্রসব করে। গত সোমবার সকাল থেকে কুকুরটির ছানাগুলো পাওয়া যাচ্ছিল না। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থানে ছোটাছুটি ও চিৎকারসহ অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় টমকে।
পরে জানা যায়, সরকারি কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী জীবন্ত আটটি কুকুরছানাকে বস্তার মধ্যে বেঁধে রোববার রাতের কোনো এক সময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন সকালে কুকুরছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত ২ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে গৃহবধূ নিশি রহমানকে আসামি করে মামলা করেন। ওই রাতেই ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বুধবার দুপুরে তাঁকে ঈশ্বরদী থানা থেকে আমলি আদালত-২-এ হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন ওই দিন নামঞ্জুর করেন।
- বিষয় :
- কুকুর
