ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাফনের কাপড় পরে তিন নেতার কর্মীদের বিক্ষোভ

কাফনের কাপড় পরে তিন নেতার কর্মীদের বিক্ষোভ
×

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আড়াইহাজারে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল সমকাল

মুন্সীগঞ্জ ও আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত তিন নেতার কর্মী-সমর্থকরা। অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর আসনে গতকাল মঙ্গলবার টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতার কর্মীরা।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে গতকাল যৌথভাবে মাঠে নামেন বিএনপির মনোনয়নবঞ্চিত তিন নেতার কর্মী-সমর্থকরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল বিকেলে কাফনের কাপড় পরে তারা উপজেলা সদরে বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করেন। 
এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। নজরুল ইসলাম আজাদ মনোনয়ন পাওয়ার পর থেকে বাকিদের সমর্থকরা বিক্ষোভ করছেন।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিরাজুল ইসলাম নয়ন বলেন, আমরা ভালো মানুষের মনোনয়ন চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঊর্ধ্বতন নেতাদের কাছে আবেদন, মনোনয়নবঞ্চিতদের ভালোভাবে যাচাইবাছাই করে ভালো মানুষকে মনোনয়ন দিন, বিএনপির সিটটি বুঝে নিন। 

মুন্সীগঞ্জে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল ষষ্ঠদিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা। 
বিকেল সাড়ে ৪টার দিকে শহরের থানারপুল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতা আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাহাদাত সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, মিরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি জসিমউদদীন আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ আসনে দলের কেন্দ্রীয় কমিটি সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে প্রার্থী করেছে বিএনপি। 

আরও পড়ুন

×