ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে অপহৃত দুই কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৩

ঈশ্বরগঞ্জে অপহৃত দুই কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৩
×

দুই কিশোরী অপহরণের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা- সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ০৮:১৭

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণের শিকার দুই কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। শুক্রবার বিকেলে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। 

উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের ক্বওমী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১৩) ও তার খালা মাদ্রাসা শিক্ষার্থী (১৫) কে চানানুর খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশী আলাল উদ্দিনের ছেলে আলী আকবর (২২) ও শহীদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২১) গত মঙ্গলবার সন্ধ্যায় দুই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর রাস্তা থেকে ইজিবাইক দিয়ে তুলে নিয়ে যায় দুই কিশোরীকে। রাস্তায় পূর্ব থেকে আলী আকবরের ভাই শাহ নেওয়াজ (২৬) ও তার আরো কয়েক সঙ্গী পূর্ব থেকেই অপেক্ষমান ছিলো। রাত বাড়তে শুরু করলে ওই দুই কিশোরী মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। 

একপর্যায়ে কিশোরীদের পরিবার জানতে পারে তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। ওই অবস্থায় বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ আলী আকবর ও রুবেলকে আটক করলে ঘটনার সত্যতা স্বীকার করে তারা। পরে পুলিশ তাদের নিয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের নারিকেলতলী এলাকার একটি বাসা থেকে দুই কিশোরী মেয়েকে উদ্ধার করে। সেখান থেকে আটক করা হয় শাহ নেওয়াজকে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে থানায় অপহরণের অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। এতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ রাতেই মামলাটি নথিভুক্ত করে। পরে শুক্রবার বিকেলে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় আলী আকবর তার ভাই শাহ নেওয়াজ এবং রুবেলকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, দুই কিশোরী মেয়েকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। সেখান থেকে অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×