সিলেটে নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ১২:১০
সিলেট বিভাগে নতুন করে আরও ৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, সিলেট বিভাগের চার জেলা মিলে এখন পর্যন্ত ৩ হাজার ৮১৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ১৫১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুটি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জের ৯ জন ও মৌলভীবাজারের ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলে এখন পর্যন্ত সিলেটে ৪ হাজার ৫৮৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৯৬ জন, হবিগঞ্জে এক হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারে এক হাজার ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরনবী জুয়েল জানিয়েছেন, এদিন তাদের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জের ২৮ জন ও হবিগঞ্জের ৯ জন বাসিন্দা রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সিলেট জেলার ২২ জন ও মৌলভীবাজারের ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
- বিষয় :
- সিলেট
- করোনাভাইরাস