চা বাগানে প্রাক-‘বড়দিন’ উৎসবে শিশুদের উচ্ছ্বাস
কমলগঞ্জের চাম্পারায় চা বাগানে প্রাক-বড়দিনের বিশেষ উৎসবে শিশুদের নৃত্য পরিবেশন- সমকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারের কমলগঞ্জের পাহাড়ঘেরা সবুজ চা বাগানের কোলে যেন আনন্দের মেলা বসেছিল। কেক কাটা, নাচ, গান আর শিশুদের উচ্ছ্বাসে উপজেলার চাম্পারায় চা বাগানে উদযাপিত হয়েছে প্রাক-বড়দিনের বিশেষ উৎসব।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে তিন শতাধিক শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকাল থেকেই চাম্পারায়ের অনুষ্ঠান প্রাঙ্গণ সেজেছিল রঙিন সাজে। বড়দিনের ক্রিসমাস ট্রি, রঙিন বেলুন আর ঝাঁজর দিয়ে সাজানো অনুষ্ঠানস্থলটি শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বড়দিনের বিশেষ কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এর পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে চা বাগানের শিশুরা তাদের নিজস্ব সংস্কৃতি ও বড়দিনের গান পরিবেশন করে। শিশুদের নাচ আর গানের সুরে পুরো চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান সাজু মারচিয়াংয়ের সভাপতিত্বে প্রাক-বড়দিনের বিশেষ উৎসবে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল টি কোম্পানির চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা। অনুষ্ঠানে শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে প্রধান অতিথি রাহেল রানা ও বিশেষ অতিথি চ্যারিটেবল ট্রাস্ট অব সিলেট প্রেসবিটারিয়ান সিনড (পিডিএ) চেয়ারম্যান যাকব কিস্কুর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, চাম্পারায় চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ইউসুফ খান, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শংকর বুনার্জী, ইউপি সদস্য সজয় কিশোর, চাম্পারায় প্রেসবিটারিয়ান মণ্ডলীর ডিকন সানু বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি রাহেল রানা বলেন, চা গাছের সঠিক যত্নে যেমন উন্নতমানের চা পাতা পাওয়া যায়, তেমনি আজকের শিশুদের যদি ভালোবাসা ও সঠিক মূল্যবোধে বড় করা যায়, তবে তারাই হবে আগামীর বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। এ ধরনের উৎসব শিশুদের মানসিক বিকাশে এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
- বিষয় :
- নৃত্য ও সংগীত
