বিরোধপূর্ণ জমিতে ধান কাটার ছবি তুলতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারী আহত
আহত তাসলিমা (৪০)
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০০:৪৭
পটুয়াখালীর বাউফলে বিরোধপূর্ণ জমিতে ধান কাটার ছবি তুলতে গেলে তাসলিমা (৪০) নামের এক নারীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকালে মদনপুরার দ্বিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই নারীকে বাউফল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসরিফ হোসেন বলেন, ওই নারীর ডান পা ও মাথায় ক্ষত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আহত তাসলিমার স্বামী শানু প্যাদা পেশায় শ্রমিক। তাঁর সঙ্গে চাচাতো ভাই খোকন প্যাদার সাত একর ৯৭ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার সকালে খোকন প্যাদার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়।
এ সময় তাসলিমা ধান কাটার ছবি তুলতে গেলে প্রতিপক্ষের খোকন প্যাদা, সোহেল, সাইমুন, বশির, বারেকসহ বেশ কয়েকজন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
তাসলিমা বলেন, ওই জমির বিরোধ নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে তারা। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। জমিতে ধান চাষ করলেও লাঠিয়াল খোকনের বাধায় তা ঘরে তুলতে পারছি না।
অভিযোগ অস্বীকার করে খোকন প্যাদা বলেন, বিরোধপূর্ণ জমিতে নয়, আমার পৈতৃক সম্পত্তিতে ধান কাটতে গেলে তাসলিমাসহ তিন-চার নারী শ্রমিকদের ধান কাটতে বাধা দেয়। এ সময় শ্রমিকদের হাতে থাকা কাঁচি নিয়ে টানাটানির সময় হয়তো লাগতে পারে। তাঁকে আমরা কেউ মারধর করিনি।
বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পটুয়াখালী
- ধানক্ষেত
- কুপিয়ে জখম
