ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিপু দাস হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলন

দিপু দাস হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলন
×

তারাকান্দায় নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর পূজা উদযাপন ফ্রন্টের নেতারা সমকাল

 নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যায় জড়িতদের দ্রুত বিচার করার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। গতকাল বুধবার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে তাঁর বাড়িতে গিয়ে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতাকর্মীকে নিয়ে গতকাল দুপুরে দিপুর বাড়িতে যান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সমীর কুমার বসু। তারা দিপুর বাবা রবিচন্দ্র দাস, মা এবং স্ত্রী মেঘনা রানীর সঙ্গে কথা বলেন। সাক্ষাতের পর সমীর কুমার বসু বলেন, ‘ভিডিওতে খুনিদের চেহারা স্পষ্ট। আগামী এক মাসের মধ্যে তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার শেষ করতে হবে। অন্যথায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃত্বে সারাদেশে লাখ লাখ সনাতনী কঠোর আন্দোলন গড়ে তুলবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক টোটন ভট্টাচার্য, পিন্টু চৌধুরী, শিক্ষক নেতা রোমন সরকারসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।
গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানায় কর্মরত অবস্থায় দিপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। পরে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তাঁকে 
পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন

×