ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঝুঁকিপূর্ণ সাঁকোতে দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা

ঝুঁকিপূর্ণ সাঁকোতে দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা
×

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

ষাটোর্ধ্ব জাহাঙ্গীর দড়ি দুর্ঘটনায় আট বছর আগে বাম হাত হারিয়েছেন। এক হাত দিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন বাড়ি থেকে খালের অপর পারে মসজিদে নামাজ আদায় করতে যান। জাহাঙ্গীরের মতো করেই নানা কাজে ওই এলাকার নারী, শিশু, বৃদ্ধসহ অনেকে ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পার হচ্ছেন। বর্ষা মৌসুমে খালে পানির প্রবাহ বেড়ে গেলে সাঁকোটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।  

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার শামন্তষার ইউনিয়নের পূর্ব লাকাচুয়া ও হাওলাদারকান্দি গ্রামের বাসিন্দারা সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। পূর্ব লাকাচুয়া বাজারের পাশ দিয়ে প্রবাহিত প্রায় খালের ওপর নির্মিত একটি মাত্র বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে চলাচল করতে বাধ্য হচ্ছেন দুই গ্রামের বাসিন্দারা। এলাকার কর্মজীবী মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা প্রতিদিনই এই সাঁকো পার হয়ে উপজেলা সদর, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। দুই গ্রামের মানুষের দৈনন্দিন কাজ, শিক্ষা-চিকিৎসা কিংবা জীবিকার তাগিদ সবকিছুই নির্ভর করে এই বাঁশের সাঁকোর ওপর।
স্থানীয় বাদশা শেখ, শাকিল দড়ি, রুস্তম হাওলাদার, রফিক হোসেন জানান, খালটি মাত্র ৪০ ফুট প্রশস্ত। অস্থায়ী সাঁকোর স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। সেতু না হওয়ায় প্রতিদিনই তাদের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। জরুরি প্রয়োজনে অন্তঃসত্ত্বা নারী ও রোগীদের এই সাঁকো পার হয়ে হাসপাতালে যেতে হয়। 

কলেজশিক্ষার্থী শাকিল দড়ি জানান, ছোটবেলা থেকেই এ সাঁকো পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেন। এখনও সেভাবেই চলছে। এখানে একটি সেতু নির্মাণ হলে মানুষের জীবনযাত্রা সহজ হতো। 
শামন্তষার ইউনিয়ন পরিষদের নারী সদস্য রেহানা বেগম জানান, তাঁর বাড়ির পাশেই বাঁশের সাঁকোটি অবস্থিত। প্রতিদিন মানুষের দুর্ভোগের বিষয়টি তাঁর নজরে পড়ে। দুই গ্রামের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে মাঝেমধ্যে তিনি ও এলাকাবাসী সাঁকোটি সংস্কার করে থাকেন।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কালাম বেপারী বলেন, পূর্ব লাকাচুয়া বাজারের পাশে খালের ওপর একটি স্থায়ী সেতুর প্রয়োজন। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদী।  
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল কবির সমকালকে বলেন, সেতুর অভাবে পূর্ব লাকাচুয়া ও হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি তিনি জেনেছেন। গ্রামীণ অবকাঠামো প্রকল্পের মাধ্যমে সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরবেন তিনি।  
 

আরও পড়ুন

×