ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গফরগাঁওয়ে নাশকতা, রুট পরিবর্তন করে কিশোরগঞ্জ-ভৈরব হয়ে চলছে ট্রেন

গফরগাঁওয়ে নাশকতা, রুট পরিবর্তন করে কিশোরগঞ্জ-ভৈরব হয়ে চলছে ট্রেন
×

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪:২০

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ও রেললাইনে উপর্যুপরি নাশকতার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গফরগাঁও সেকশন বাদ দিয়ে ট্রেন চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে। তাছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে ঢাকা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনগুলো গফরগাঁওয়ের ওপর দিয়ে না গিয়ে গৌরীপুর-কিশোরগঞ্জ-ভৈরব হয়ে চলাচল করছে। একইভাবে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলোও ভৈরব-কিশোরগঞ্জ-গৌরীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করবে।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ময়মনসিংহের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম জানান, আজ সকাল ১১ টা ১৪ মিনিটে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস কিশোরগঞ্জ ভৈরব হয়ে যাত্রার উদ্দেশ্যেময়মনসিংহ স্টেশন ছেড়ে যায়। জামালপুর এক্সপ্রেস ভৈরব ও গৌরীপুর হয়ে ময়মনসিংহে আসবে বলে জানান তিনি।
 
অপরদিকে, ময়মনসিংহ এক্সপ্রেস সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ স্টেশন ত্যাগ করে।

রুট পরিবর্তন এবং ট্রেন বাতিলের সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গফরগাঁও ও গাজীপুরগামী যাত্রীদের ভোগান্তি এখন চরমে।

গফরগাঁওগামী যাত্রী আসলাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোরে অগ্নিবীণা দুর্ঘটনার পর ভেবেছিলাম অন্য ট্রেনে বাড়ি ফিরব, এখন শুনছি ট্রেন আর গফরগাঁও যাবেই না। জরুরি কাজে বাড়ি ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়ল।’

গাজীপুরগামী এক নারী যাত্রী বলেন, ‘ভৈরব হয়ে ঘুরে যাওয়ায় সময় অনেক বেশি লাগবে, আবার স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সাধারণ যাত্রীদের এই কষ্ট দেখার কেউ নেই।’

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রেলপথে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। গফরগাঁও রুটে লাইন বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটায় দুর্ঘটনা এড়াতে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি এবং রেলপথে নজরদারি জোরদার করা হয়েছে।’

রেল সূত্র জানায়, সোমবার রেলওয়ে ঢাকা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিলের পাশাপাশি রুট পরিবর্তনের সুপারিশ করেছেন। অনিবার্য কারণে আজ যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলো হলো- অগ্নিবীণা এক্সপ্রেস (ঢাকা-তারাকান্দি-ঢাকা), ৭৪৪ নং ব্রহ্মপুত্র এক্সপ্রেস (দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা), ৭৭৮ নং হাওর এক্সপ্রেস (মোহনগঞ্জ-ঢাকা)।

যাত্রীদের জন্য বিশেষ বার্তা

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিলকৃত ট্রেনের যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিটের মূল্য ফেরত (রিফান্ড) নিতে পারবেন। নিরাপত্তার স্বার্থে ও পরবর্তী শিডিউল বিপর্যয় এড়াতে যাত্রীদের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×