চবিতে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার, প্রতি আসনে লড়বে ৮০ জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ১৯:১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমেই শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। যা আগামী ১০ জানুয়ারি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে।
বুধবার বিকেলে প্রক্টর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
ভর্তি পরীক্ষার পরিসংখ্যান ও সূচি
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামীকাল ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে লড়বে ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৮০ জন ভর্তিচ্ছু।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলোর সূচি ৩ জানুয়ারি- ডি’ ইউনিট, ৫ জানুয়ারি- ‘ডি-১’ উপ-ইউনিট, ৭ জানুয়ারি- ‘বি-১’ উপ-ইউনিট, ৮ জানুয়ারি-‘বি-২’ উপ-ইউনিট, ৯ জানুয়ারি- ‘সি’ ইউনিট, ১০ জানুয়ারি- ‘বি’ ইউনিট
তিন কেন্দ্রে একযোগে পরীক্ষা
বিগত বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে মোট ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার আসনসংখ্যা ও আবেদনকারীর সংখ্যা কিছুটা কমেছে।
পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) প্রশ্নে অনুষ্ঠিত হবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ডি-১ উপ-ইউনিট বাদে সব ইউনিটে পাস নম্বর ৪০, আর ডি-১ ইউনিটে পাস নম্বর ৩৫।
নিরাপত্তা ও ব্যবস্থাপনা
পরীক্ষার্থীদের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ক্যাম্পাসে ২২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার ২৫ জন সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ১৫টি পয়েন্টে ৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন।
শিক্ষার্থীদের সহায়তায় থাকছে ৬টি তথ্যকেন্দ্র ও ২টি মেডিকেল ক্যাম্প। চাকসুর উদ্যোগে ৬টি বিশ্রামাগার। ফায়ার সার্ভিসের টহল গাড়ি পরীক্ষার সময় টহল কার্যক্রম পরিচালনা করবে। সহযোগিতায় নিয়োজিত থাকবে রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা।
প্রক্টর আরও বলেন, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন পালন করবে। ভর্তি সংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- চবি
- ভর্তি পরীক্ষা
