জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনামের ওপর হামলা
এনাম সিদ্দিকী। ছবি: সংগৃহীত
যশোর অফিস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৮:৪০
জুলাই আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন যশোরের এনাম সিদ্দিকী (৩০)। এবার নিজ গ্রামে তাঁর ওপর হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
আজ রোববার সকালে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুরে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় এনাম সিদ্দিকীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনায়েতপুরের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে এনাম সিদ্দিকী। ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়ে ঢাকায় তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। সঠিক চিকিৎসা না পেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে এনামের চিকিৎসার দায়িত্ব নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর-৩ আসনে তিনি যখন মনোনয়নপত্র জমা দেন তখনও এনাম তাঁর সঙ্গে ছিলেন।
স্বজনরা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৮টার দিকে এনাম সিদ্দিকী প্রতিদিনের মতো হাঁটাহাঁটির জন্য বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে এনামের মাথায় আঘাত করে। পরে বুকের ডান পাশ, বাম বাহু ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তাঁর শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
এনামের ওপর হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর শুনে এনামের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় বিবৃতি দিয়েছেন যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এ ঘটনা নিন্দনীয় কাজ। ঘটনার পর দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান ও এনাম সিদ্দিকীর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
- বিষয় :
- যশোর
- জুলাই আন্দোলন
- গুলিবিদ্ধ
- হামলা
