ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক হুইপ আতিকের মেয়ে অমির বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক হুইপ আতিকের মেয়ে অমির বিরুদ্ধে দুদকের মামলা
×

শারমিন রহমান অমি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৮:২০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ | ১২:৫২

| প্রিন্ট সংস্করণ

ক্ষমতার অপব্যবহার ও ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তে সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপসহকারী পরিচালক আতিউর রহমান বাদী হয়ে শেরপুর সিনিয়র স্পেশাল ও দায়রা জজ আদালতে মামলাটি করেন।

গতকাল মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের জামালপুর ও শেরপুরের স্পেশাল জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোখলেছুর রহমান জীবন। আসামি ডা. শারমিন রহমান অমি জাতীয় সংসদের সাবেক হুইপ আতিউর রহমান আতিকের মেয়ে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ডা. শারমিন রহমান অমি ২০১৯ সালের ৮ মে মেডিকেল অফিসার পদে চাকরি পান এবং ২০১৯ সালের ২৬ আগস্ট শেরপুরে যোগদান করেন। এরপর শেরপুরের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের মেয়ে হওয়ার সুবাদে বাবার ক্ষমতা ও প্রভাব দেখিয়ে একাধিক পদে দায়িত্বরত ছিলেন। ২০১৯-২০ ও ২০২০-২১ দুই অর্থবছরে শেরপুর সদরের ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নলকূপ স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থ বরাদ্দ হয়। কিন্তু নলকূপ ক্রয় ও স্থাপন না করে শেরপুরের নয়ানী বাজারের মেসার্স ফাগুন মেশিনারির ভুয়া বিল ভাউচার দিয়ে ৫ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি।

এ ছাড়া ডা. শারমিন রহমান অমি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এসব পদে থাকার সময় এমএসআর, ওষুধ ও প্রতিষেধক খাতে শেরপুরের মুকুল মেডিকেল হল অ্যান্ড সার্জিক্যাল, সূরধ্বনি মেডিকেল, সাহা মেডিকেল, শাহীন ফার্মেসি, তালুকদার ফার্মেসি ও শ্রীবর্দী উপজেলার বাসার ড্রাগস অ্যান্ড মেডিসিন কর্নারের নামীয় ভাউচারের মাধ্যমে ভুয়া বিল দেখিয়ে ৯ লাখ ১১ হাজার ২৪৯ টাকা আত্মসাৎ করেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শেরপুর অফিসের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে থেকে কর্মস্থলে অনুপস্থিত ডা. শারমিন রহমান অমি। সরকারি চাকরি বিধি অনুযায়ী মন্ত্রণালয় থেকে তাঁকে বারবার শোকজ করা হয়েছে। জবাব না পেয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।  

দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক (বাদী) আতিউর রহমান সমকালকে বলেন, সাবেক সংসদ সদস্য বাবার দাপটে একাধিক পদে দায়িত্বে থাকাকালীন ভুয়া বিল-ভাউচারে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন ডা. শারমিন রহমান অমি। মামলার তদন্তসাপেক্ষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
বক্তব্য জানতে ডা. শারমিন রহমান অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

আরও পড়ুন

×