রাবি ভর্তি পরীক্ষা
এআই অ্যাপ ব্যবহারের অভিযোগে পরীক্ষার্থী আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৫:৫১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৬:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোনে ‘ডিপসিক’ নামের এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় রাবির জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে আটক রয়েছেন। অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার রোল নম্বর ৩১১০০০৫২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। স্থায়ী বাসা খুলনায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় শুক্রবার সকাল এগারোটা থেকে। পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন হলের পর্যবেক্ষক। তিনি দেখতে পান ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটা ছবি তোলেন। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘ডিপসিক’ এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়।
জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম। কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে, আমি অপরাধ করেছি। আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘প্রথম শিফটের পরীক্ষা চলাকালীন জগদীশ চন্দ্র বসু ভবনে একটি কেন্দ্রের পরিদর্শকরা ওই পরীক্ষার্থীকে মোবাইল এবং এয়ারপডসহ আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞ এক সদস্য প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের একটি ছবি তোলার আলামত পায়। ছবিটি কোথাও পাঠানোর আলামত পাওয়া যায়নি। তবে প্রশ্নের ছবি দিয়ে ডিপসিক এআই ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টার করছিলেন তিনি।’
উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ওই ইউনিটের ২য় শিফটের পরীক্ষা বেলা ৩টায় অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে মোট ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬টি। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে ৮২ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদের মোট ২৬টি বিভাগ রয়েছে।
পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হচ্ছে, যা ১ ঘণ্টাব্যাপী। মোট ৮০টি প্রশ্ন থাকবে এবং প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ৩টি ইউনিট মিলিয়ে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে এ (মানবিক) ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, বি (ব্যবসায়) ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং সি (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন চূড়ান্ত আবেদন করেছেন।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- ভর্তি পরীক্ষা
- এআই
- আটক
