টাঙ্গাইল যাত্রীবাহী বাসে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ছবি: ফাইল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৫:২৬
টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে চালক ও সহকারী দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুম রোমেলিয়া তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। গ্রেপ্তার অপরজন আদালতে জবানবন্দি দেয়নি। পরে আদালত তিনজনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার পরিদর্শক ভিক্টর ব্যানার্জি জানান, গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডার বাইপাস থেকে একটি বাস জব্দ করা হয়। এছাড়াও দলবদ্ধ ধর্ষণের শিকার এক ছাত্রীকেও উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাস থেকে ধর্ষণে জড়িত বাসচালক আলতাফ হোসেন, চালকের সহকারী রাব্বি ও কন্ডাক্টর সাগরকে আটক করা হয়। আলতাফ ও রাব্বি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রী বৃহস্পতিবার রাতেই বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ চারজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। গতকাল শুক্রবার সকালে ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বুধবার রাত পৌনে ১২টার দিকে সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য বাসে উঠেন ওই ছাত্রী। বাসটি তাকে নামিয়ে না দিয়ে রাতভর বিভিন্নস্থানে ঘুরতে থাকে। তখন নামার জন্য চিৎকার চেঁচামেচি করলে তার মুখ চেপে ধরে নাকফুল, কানের দুল, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয়। রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এছাড়াও ধর্ষণের ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি দেয়। এভাবে সকাল হয়ে যায়। এরপর বাসটি ঘুরিয়ে তারা টাঙ্গাইলের দিকে রওয়ানা হয়। করটিয়া আন্ডাপাসে আসলে পুলিশ তাদের আটক করে।
- বিষয় :
- টাঙ্গাইল
- দলবদ্ধ ধর্ষণ
