সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৫:১৪ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৫:১৬
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের ডুমুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। সে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আহতরা হলেন, অটোরিকশাচালক রাসেল (৩৫) ও হাওয়া বেগম (৪৫)। তারা দুজনই বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারিয়া আক্তারের মৃত্যু হয়। আহত হাওয়া বেগম ও অটোরিকশাচালক রাসেলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কলেজছাত্রী মারিয়া আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত হাওয়া বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
