ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাসদৃশ বস্তু উদ্ধার

রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাসদৃশ বস্তু উদ্ধার
×

ছবি: সংগৃহীত

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ০৪:২৭

কক্সবাজারের রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা সন্দেহে একটি বস্তু ঘিরে রেখেছে সেনাবাহিনী। বস্তুটির ব্যাপারে খবর পেয়ে গত শুক্রবার সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানটি লাল পতাকা দিয়ে ঘিরে রাখেন।  রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই বস্তুটির ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে; এরপর পুলিশ তৎপর হয় এবং সেনাবাহিনী সেটি উদ্ধার করে। 

বর্তমানে বোমাটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিষ্ক্রিয় না করা পর্যন্ত সেখানে সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সেনাবাহিনীর অ্যামুনিশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি দল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, বোমাটির ওজন ৩০০ থেকে ৩২০ কেজি, দৈর্ঘ্য প্রায় ১১৯ সেন্টিমিটার ও ব্যাস ১১৭ সেন্টিমিটার। 

স্থানীয় সূত্রে জানা যায়, বোমাসদৃশ বস্তুটির ওপর ওই গ্রামে ১০ বছর ধরে কাপড় ধোঁয়ার কাজ করতেন বাসিন্দারা। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বস্তুটি ঘিরে রাখা হয়েছে, যাতে সেখানে কেউ না যায়। বোমাটি একটি পুকুরে ছিল। যা ১০ বছর আগে স্থানীয় কেউ পুকুর থেকে তুলে পাড়ে রেখেছিল।  

রামুর ইতিহাস লেখক ও গবেষক শিরূপন বড়ুয়া বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে বোমাসদৃশ বস্তুটির দুটি ছবি শেয়ার করেন। বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে দাবি করেছেন স্থানীয়রাও। বস্তুটি নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

শিরূপন বড়ুয়া জানান, বোমাসদৃশ বস্তুটির বিষয় তিনি অনেক আগেই জেনেছিলেন। নিজের আগ্রহ থেকে ফেসবুকে পোস্ট দেন। তাঁর সঙ্গে থাকা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয় এক সচেতন নাগরিক বোমার বিষয়টি পুলিশকে জানান। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। 

আরও পড়ুন

×