বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১২:০৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৩:৩৭
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে চায়। তাই ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনারা ধানের শীষে ভোট দিলে আমি সংসদে যেতে পারব। এই এলাকার উন্নয়নে কাজ করতে পারব। আপনাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পারব ইন-শা-আল্লাহ।’
সোমবার রাত ৮টার দিকে রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সালথা কলেজ সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির কাছে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড করে দেওয়া হবে। দেশের উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবাইদুর রহমান কখনও অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। আমি তার সন্তান হিসাবে কখনও কোনো অন্যায়কারকে প্রশ্রয় দেবো না।’
এ সময় সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সঞ্চালনায় বিএনপি'র প্রবীণ নেতা আব্দুল জব্বার নালু মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ, আব্দুর রব, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সামচুল আলম সবুজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি
- শামা ওবায়েদ
- সালথা
