মানুষ দেখলেই আতঙ্কে কান্নাকাটি করছে ধর্ষণের শিকার শিশুটি
প্রতীকী ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৮:৫২
কিশোরগঞ্জে লজেন্সের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। বুধবার বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপড়া এলাকার আমিন ব্রিকস ফিল্ডে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লোকজন দেখলেই ভয় আর আতঙ্কে কান্নাকাটি করছে শিশুটি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আববুবকর সিদ্দিক জানান, বুধবার বিকাল ৪টার দিকে চার বছর বয়সী শিশুটিকে লজেন্স দেওয়ার প্রলোভনে বাড়ির পাশের আমিন ব্রিকস ফিল্ডে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় রক্তক্ষরণ হলে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ওই কিশোর পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে রাত সাড়ে ৮টার দিকে এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত কিশোরকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রায় চার ঘণ্টার অভিযানে রাত সাড়ে ১২টার দিকে এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কিশোর শোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
- বিষয় :
- ধর্ষণ
- শিশুকে ধর্ষণ
- গ্রেফতার
- ঢাকা
- কিশোরগঞ্জ
- কিশোরগঞ্জ সদর