আগে বাস থেকে নামুন, দেশটাকে হেঁটে চিনুন
আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া, দেবিদ্বার ও মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘তারা নাকি ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করবেন। অথচ কুমিল্লায় ২০০০ সাল থেকেই ইপিজেড রয়েছে। সেটাই তিনি জানেন না। আপনি ১৭ বছর লন্ডনে ছিলেন। আগে বাসের ভেতর থেকে নামেন, বাংলাদেশের অলিগলি-রাস্তাঘাট হেঁটে দেখেন, বাংলাদেশকে আগে চেনেন।’
গতকাল বুধবার কুমিল্লার দেবিদ্বারের নিউমার্কেট চত্বরে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে এনসিপি।
আসিফ মাহমুদ বলেন, ‘স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে– এই প্রশ্নও এখন মানুষের মুখে মুখে।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সব ধরনের অন্যায় করেছে। কিন্তু ক্ষমতায় না থেকেও গত ১৭ মাসে একটি দল জনগণকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এ কারণেই জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই অভিজ্ঞতা প্রত্যাখ্যান করতে হবে।’
পথসভায় আরও বক্তব্য দেন কুমিল্লা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন।
দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় বিএনপির উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘তারা যতবার নির্বাচিত হয়েছে ততবার ভোটকেন্দ্র দখল করে, টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হয়েছে। শুধু তারা ভোটকেন্দ্র দখল করতে পারবে না– এটা নিশ্চিত করা গেলে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বিপুল ভোটে জয়লাভ করবেন।’
বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্তমঞ্চে পথসভায় আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখছি, একটি দলের নেতারা মা-বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যারা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য হুমকি হন এবং দুঃসাহস দেখাবে, ১১ দলীয় জোট দেশের জনগণকে নিয়ে তাদের কালো হাত গুঁড়িয়ে দেবে।’
সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় এনসিপির মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় যারা কষ্ট পায়, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।’
- বিষয় :
- আসিফ মাহমুদ
