ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নাটোর ও গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ২ জনের

নাটোর ও গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ২ জনের
×

সড়ক দুর্ঘটনার ফাইল ছবি

নাটোর ও গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ২৩:১৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ | ০৮:৩৯

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার এবং গোপালগঞ্জে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন।

নাটোর: বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর-নাটোর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোতালেব হোসেন মতে (৪৮) নামের ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।  

নিহত মোতালেব হোসেন সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের লালমনিপুর গ্রামের চাঁদ হোসেনের ছেলে এবং ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোতালেব ব্যবসায়িক কাজ শেষে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি নাটোরের লালমনিপুর গ্রামে ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মোতালেব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার সকাল ১১ টায় তার জানাজা শেষে তার লাশ নিজ গ্রাম লালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রুহুল আমীন হাওলাদার (৪৫) নামের এক পাট ব্যবসায়ী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গদাইখালী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুরের সোবাহান হাওলাদারের ছেলে। তিনি ভাইকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে করে পাট কেনার জন্য গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিলেন।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, বিকেলে গদাইখালীতে মাদারীপুরের মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা খুলনারগামী সেতু ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এ সময় বাস ও প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের তিন জন (রুহুল, তার ভাই ও চালক) ও বাসের ৮ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে প্রাইভেটকারে থাকা রুহুলকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×