ইটনায় বিশ্ব জলাভূমি দিবস পালিত
ছবি-সমকাল
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৯
"জলাভূমি ও লোকালয় জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য"- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে। "পরিবেশ সংরক্ষণ ঐক্য" সংস্থাটি ২০০৯ সাল হতে অদ্যাবধি প্রতিবছর বাংলাদেশের হাওর অঞ্চলে দিবসটি পালন ও বছরব্যাপী বিভিন্ন জনসচেতনতা বৃদ্ধি মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের সুরমা বিল পাড়ে স্থানীয় উত্তর দীনেশপুর মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের জ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের জলাভূমি জীবন অভিজ্ঞতার বর্ণনা করেন। তারা পূর্ব কালে জলাভূমি নিবিড় প্রতিবেশ ও বর্তমান কালের নিশ্চিহ্ন প্রায় উদ্ভিদ এবং বিভিন্ন পাখি ও মৎস্য প্রজাতির কথা উল্লেখ করেন। উপস্থিত তরুণ ও কিশোরদের কাছে তারা এই অভিজ্ঞতার বর্ণনা করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রসরাজ দাস, ব্রজ গোপাল দাস, নরেশ দাস , সুরেন্দ্র দাস, প্রানকান্ত দাস প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- নাট্য কর্মী ও পরিবেশ কর্মী জাহাঙ্গীর কবির ও মৎস্যচাষী ও পরিবেশ কর্মী আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্ৰহণ করেন পরিবেশ সংরক্ষণ ঐক্য - এর নির্বাহী পরিচালক ঠাকুর মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উওর দীনেশপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রঞ্জিত দাস।
- বিষয় :
- জলাভূমি দিবস
