নির্বাচনের ছুটিতে কুমিল্লায় গণপরিবহন সংকট, যাত্রীদের দুর্ভোগ
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১২
নির্বাচনকালীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আর গাড়ি রিকুইজিশনের প্রভাব পড়েছে কুমিল্লার গণপরিবহন ব্যবস্থায়। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য নগরীর দুটি বাস টার্মিনাল থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী প্রায় দুই শতাধিক বাস ও মিনি বাস রিকুইজিশন করা হয়েছে। এতে কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা সিলেট, কুমিল্লা চাঁদপুর, কুমিল্লা নোয়াখালীসহ জেলার আভ্যন্তরীন সড়কে চলাচলকারী বাসের সংখ্যা অস্বাভাবিক কমে গেছে। গাড়ি না পেয়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে নগরীর শাসনগাছা, চক বাজার ও জাঙ্গালিয়া বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। জেলা ট্রাফিক পুলিশ জানিয়েছে, জেলায় সব মিলিয়ে যানবাহন রিকুইজিশন করা হয়েছে অন্তত সাড়ে পাঁচ হাজার।
সরেজমিনে শাসনগাছা ও জাঙ্গালিয়া বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দুটি টার্মিনাল থেকে অধিকাংশ গাড়ি সোমবারই পুলিশ লাইন্স ও বিভিন্ন উপজেলায় নেওয়া হয়েছে। ভোর থেকে স্টেশন দুটি ছিল প্রায় ফাঁকা। গাড়ি না পেয়ে অনেকেই সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনায় গন্তব্যে যেতে দেখা গেছে।
বিকেল ৩টায় শাসনগাছা বাস স্টেশনে গিয়ে দেখা যায়, দাউদকান্দির গৌরিপুর যেতে সততা বাস পরিবহনের জন্য অর্ধশতাধিক যাত্রী অপেক্ষা করছেন। একটি গাড়ি আসলে দ্বিগুন যাত্রী গাড়িতে উঠতে যান। কিন্তু সিট না পেয়ে অনেকেই উঠতে পারেননি। ভোট দিতে পরিবার নিয়ে একই বাস স্টেশনের পাপিয়া বাস সার্ভিসের কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন দাউদকান্দির যাত্রী বেসরকারি কোম্পানির কর্মকর্তা মো. তসলিম ও পরিবার। তিনি বলেন, ঘণ্টাখানেক পর পর একটি বাস আসলেও যাত্রী জমে যায় সিটের তিনগুণ, তাই স্ত্রী সন্তান নিয়ে অপেক্ষা করছি।
এদিকে পরিবহন সংকট থাকায় জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী গাড়ির ভাড়া অতিরিক্ত ৩০ থেকে ৪০ টাকা আদায় করা হয়। কলেজ শিক্ষক আবুল হাসান চিশতী বলেন, কুমিল্লা কোম্পানীগঞ্জ সড়কে চলাচলকারী ফারজানা ও ফারহানা বাস সার্ভিসের বাস কম থাকায় শাসনগাছা থেকে দেবিদ্বার পৌঁছাতে ৩ দফায় সিএনজি পরিবর্তন করে ১০০ টাকা দিতে হয়েছে। বাসে যা ছিল ৭০ টাকা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির কারণে সড়কে প্রাইভেট গাড়ির চলাচলও ছিল সীমিত। ভোটের ও সাপ্তাহিক ৪ দিনের ছুটি থাকায় রাজধানী থেকে কুমিল্লায় আসা যাত্রীদের ভিড় ছিল রাজধানী ছেড়ে আসা বাসগুলোতে।
নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আসা তিশা পরিবহনের যাত্রী রমিজ উদ্দিন বলেন, আগে সায়েদাবাদ বাস স্টেশন থেকে ২শ টাকায় আসা গেলেও মঙ্গলবার রাখা হয়েছে ৩শ টাকা।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম সারোয়ার বিকালে সমকালকে বলেন, জেলার ১ হাজার ৪৯১টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন ও নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা সমূহের কর্মকর্তা ও সদস্যদের জন্য এ বছর প্রায় সাড়ে ৫ হাজার বাস, মিনিবাস, মাইক্রোবাস ও পিকআপসহ বিভিন্ন যানবাহন রিকুইজিশন করতে হয়েছে। এর মধ্যে যাত্রীবাসী বাস ও মিনিবাসই প্রায় দুই শতাধিক। এতে গণপরিবহনে কিছুটা সংকট দেখা দিয়েছে।
কুমিল্লা বাস মালিক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশকে আমরা নগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস টার্মিনাল থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী ২শ বাস ও মিনিবাস দিয়েছি। এতে পরিবহন সংকট দেখা দিয়েছে। নির্বাচনের পর দিন থেকে আশা করি এ সংকট আর থাকবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না বলেও তিনি জানান।
