ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে: সারজিস আলম

দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে: সারজিস আলম
×

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২৬

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। বৃহস্পতিবার সকালে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, ‘পেশীশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত করা কাউকে আমরা জয়ী হতে দেবো না। তবে জনগণের উপর আমাদের আস্থা থাকবে। দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। মানুষ দেখেছে দেড় বছরে কারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে; তা বিবেচনা করে মানুষ ভোট দেবে।’

সারজিস বলেন, ‘আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে হ্যাঁ- তে ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। ভোটগ্রহণের সঙ্গে যারা রয়েছেন আমরা প্রত্যেকের কাছে পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

গত কয়েকদিনে বিএনপি নেতাকর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি বলে জানান সারজিস। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি আজ এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমাদের কোন অভিযোগ থাকবে না।

আরও পড়ুন

×