ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

আমাদের বড় বিজয় জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

আমাদের বড় বিজয় জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন
×

ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৩

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপির বিজয়ী প্রার্থী আখতার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে– এটাই আমদের বড় বিজয়। রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোট জয়লাভ করেছে। একটি আসনে শাপলা কলি এবং পাঁচটি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। 

শুক্রবার ভোরে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, ১২ ফেব্রুয়ারি তেমনি রংপুরের জনগণ সেই স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে। এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষভাবে ভোটের জন্য কাজ করেছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এর প্রতিটি বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা আলোচনা করছি। খুব অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি উপস্থাপন করা হবে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর-৪ আসনে আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪০ হাজার ৫৬৪টি ভোট পান। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×