সালথায় সহিংসতায় জড়িতদের শামা ওবায়েদের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৮
ফরিদপুরের সালথায় নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে শান্তা থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
শনিবার দুপুরে তিনি গণমাধ্যমে এসব কথা জানান।
শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথাবাসী আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতারাকীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদের সবাই মিলে সহযোগিতা করুন। এলাকা নিরাপদ রাখুন।
তিনি বলেন, আমি সব পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভাল রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি।
আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকাল থেকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। এতে অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আগের দিন শুক্রবার দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। এতে অন্তত ১১ জন সমর্থক আহত হয়। উভয় স্থানেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- বিষয় :
- ফরিদপুর
- সালথা
- শামা ওবায়েদ
