চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত তিনজনসহ গ্রেপ্তার ৫
ছবি: ফাইল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৫৪
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হবার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় গতকাল শনিবারই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে আটক দেখানোর পাশাপাশি আরও দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে বোমা বিস্ফোরণে আহত তিনজনও রয়েছেন।
এদিকে চিকিৎসাধীন ৩ জনকে নজরদারিতে রাখার পর এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহত ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- বোমা বিস্ফোরণ
