বিদ্যালয় পরিষ্কার করার সময় পাওয়া ব্যালট পেপার পুড়িয়ে দিলেন প্রধান শিক্ষক
ছবি : গুগল ম্যাপ
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৫০
নাটোরের বড়াইগ্রামে নির্বাচনের পর ইসলামপুর মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিষ্কার করার সময় ১৮টি সিল মারা ব্যালট পেপার পেয়ে কাউকে না জানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক।
মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার সকালে শ্রেণিকক্ষ পরিষ্কার করার সময় পাওয়া যায় এসব ব্যালট পেপার। পরে প্রধান শিক্ষক চম্পা খাতুন অন্যান্য কাগজপত্রের সঙ্গে সেগুলো পুড়িয়ে দেন। শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে ধীরে ধীরে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল জানান, এগুলো পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। চম্পা বেগম বলেন, সিল মারা ব্যালটগুলোর মধ্যে দাঁড়িপাল্লা, হাতপাখা, ধানের শীষ ও হ্যাঁ ভোট, না ভোট এবং বাতিল ভোট ছিল। এগুলো আর কোনো কাজে লাগবে না ভেবে পুড়িয়ে ফেলেছেন। এ কেন্দ্রে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, পুড়িয়ে ফেলার বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।
- বিষয় :
- নাটোর
- ব্যালট পেপার
