জার্মান ফুটবল তারকা মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল কক্সবাজারে
ইফতার করবেন রোহিঙ্গাদের সঙ্গে
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও রিসেপ তাইয়্যেপ এরদোয়ান–এর পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ান। ছবি-সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:০৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:২৯
জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিলসহ তুরস্কের একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান–এর পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ান–এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে এরদোয়ান পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল।
কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
১৩ সদস্যের এই প্রতিনিধি দলটি পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। তারা যেন একদিন সগৌরবে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যেই তাদের এই সফর।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মহলের সহায়তা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলাল এরদোয়ান জানান, বর্তমানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেকটা কমে গেছে। তিনি আশা প্রকাশ করেন, মেসুত ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের দৃষ্টি পুনরায় এই মানবিক সংকটের দিকে আকর্ষণ করা সম্ভব হবে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভা শেষে দলটি উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান।
দিনব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি শরণার্থীদের বর্তমান জীবনযাত্রার মান ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সবশেষে ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের পাশে টিকা কিচেন সেন্টারে রোহিঙ্গাদের সাথে ইফতারের মাধ্যমে তাদের এই সংক্ষিপ্ত সফর শেষ হওয়ার কথা রয়েছে।
- বিষয় :
- রোহিঙ্গা
- কক্সবাজার
- মেসুত ওজিল
- রোহিঙ্গা ক্যাম্প
